Skip to content

Home / Conditions / পডকাস্ট

OCD, Anxiety ও Panic Attack: ভয় ও দুশ্চিন্তা কখন সমস্যা?

বাংলা পডকাস্ট · ৫১ মিনিট · অতিথি নাসিম বিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, চাম ওয়েলনেস

এই পডকাস্ট শুধু সচেতনতার জন্য। এটা কোনো ডায়াগনোসিস বা চিকিৎসার পরামর্শ না।

এই আলোচনায় যা জানবেন

আমরা সবাই কখনো না কখনো ভয় পাই, দুশ্চিন্তা করি, দরজা বন্ধ করেছি কিনা আবার দেখি। এই পডকাস্টের মূল প্রশ্ন একটাই: কোনটা স্বাভাবিক, আর কখন প্রফেশনাল সাহায্য নেওয়া দরকার? নাসিম বিল্লাহর সহজ উত্তর হলো, যখন এটা আপনার কাজ, পড়াশোনা বা সম্পর্কে ব্যাঘাত ঘটাতে শুরু করে।

বারবার চেক করা কখন সমস্যা?

চুলা বা তালা একবার-দুবার দেখা স্বাভাবিক। কিন্তু চেক করতে গিয়ে অফিসে দেরি হলে, বাচ্চাকে সময়মতো খাবার দেওয়া না গেলে, বা বাসার মানুষের অসুবিধা হলে, তখন সেটা গুরুত্ব দিয়ে দেখার সময়। অনেক সময় মানুষ নিজে বুঝতে পারেন না, পরিবার আগে বোঝে।

ওসিডি কি শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা?

না। ওসিডির দুটো অংশ। অবসেশন হলো অবাঞ্ছিত চিন্তা, ছবি, সন্দেহ বা তাড়না, যেগুলো মানুষ মনে আনতে চান না। কম্পালশন হলো সেই কষ্ট কমাতে করা কাজ, যেটা মনে মনেও হতে পারে, যেমন বারবার গোনা বা কোনো নির্দিষ্ট নিয়ম মানা। এতে অনেক সময় চলে গেলে আর দৈনন্দিন কাজ আটকে গেলে তখন সাহায্য দরকার। প্রিয়জনকে আঘাত করার ভয়ের মতো চিন্তাও আসতে পারে, আর এই চিন্তা আসা মানে আপনি খারাপ মানুষ না।

অ্যাংজাইটি আর ওসিডির পার্থক্য কী?

অ্যাংজাইটিতে মানুষ ভবিষ্যতের খারাপ কিছুর আশঙ্কা করেন, যেমন পরীক্ষা খারাপ হবে। ওসিডিতে শুরুটা হয় নিজের চিন্তা বা সন্দেহ দিয়ে, আর সেখান থেকে অ্যাংজাইটি, অপরাধবোধ বা হতাশা আসতে পারে।

প্যানিক অ্যাটাক আর প্যানিক ডিসঅর্ডার কি এক?

না। প্যানিক অ্যাটাক অনেকেরই হতে পারে: বুক ধড়ফড়, দম বন্ধ লাগা, মাথা ঘোরা। প্যানিক ডিসঅর্ডার বলা হয় যখন অ্যাটাক বারবার হয়, আবার হওয়ার ভয় থাকে, আর মানুষ জায়গা এড়িয়ে চলা শুরু করেন। সবসময় সঙ্গে ওষুধ রাখা বা কাউকে নিয়ে বের হওয়ার মতো সেফটি বিহেভিয়ার সমস্যাটা ধরে রাখতে পারে। এটা বাড়তে বাড়তে কেউ কেউ ঘর থেকেই বের হতে পারেন না, যাকে এগোরাফোবিয়া বলে।

Google বা ChatGPT-তে লক্ষণ খুঁজলে ভয় বাড়ে কেন?

উত্তরে থাকে “হতে পারে, আবার নাও হতে পারে”। কিন্তু ভয়ের মধ্যে মানুষের মনে থাকে শুধু প্রথম অংশটা। আশ্বাস পেলে কিছুক্ষণ শান্তি লাগে, তারপর নতুন কিছু দেখে আবার ভয় ফিরে আসে। পরিবার, ডাক্তার বা হুজুরের কাছে বারবার আশ্বাস চাওয়াও একই চক্র। কয়েকজন ডাক্তার দেখিয়ে, টেস্ট স্বাভাবিক এসেও ভয় না কমলে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলার সময় হয়েছে।

ধর্মীয় ওসিডি কী?

যেকোনো ধর্মের মানুষের হতে পারে। নামাজ বা অজু ঠিক হলো কিনা সেই চিন্তা স্বাভাবিক। কিন্তু একই নামাজ বারবার পড়তে হলে, ধর্ম পালনে শান্তির বদলে অশান্তি লাগলে, আর এতে অন্য কাজ আটকে গেলে তখন সাহায্য নেওয়া দরকার। শুধু আরও জ্ঞান জোগাড় করলে এটা সাধারণত কমে না। পড়ুন: ওয়াসওয়াসা কি? ধর্মীয় ওসিডি চেনার উপায়।

কাউন্সেলিং নাকি ওষুধ?

একটা আরেকটার বিকল্প না। শুরুর দিকে অনেকের কাউন্সেলিংই যথেষ্ট হয়। দীর্ঘদিন চললে অনেকের ওষুধও লাগে। কোনটা লাগবে সেটা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট ঠিক করবেন। পরিবারের সহযোগিতাও দরকার।

পরিবার কীভাবে পাশে থাকবে?

আগে মন দিয়ে শুনুন, পরামর্শ পরে। মানুষটা ইচ্ছা করে এমন করছেন না। তাকে বলুন, এর সমাধান আছে, চলো একসাথে সাহায্য নিই। শুরুটা অনলাইনেও হতে পারে।

জরুরি অবস্থায় ৯৯৯-এ কল করুন। আত্মহত্যা বা নিজের ক্ষতির চিন্তা এলে এখনই ৯৯৯-এ কল করুন বা নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।

কথা বলতে চাইলে আমরা আছি

নিজে নিজে ডায়াগনোসিস না করে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলুন। বাংলা বা ইংরেজিতে, অনলাইনে বা ঢাকায় সরাসরি।